দুই দশকেরও বেশি সময় ধরে টেলিভিশন নাটকে দর্শকদের মুগ্ধ করে আসছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তার সাবলীল অভিনয়শৈলী সবসময়ই প্রশংসিত হয়েছে। তবে নানা কারণে কাজের সংখ্যা কিছুটা কমিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা, কাজের প্রতি ভালোবাসা এবং শুটিং সেটে বাইরের মানুষের অনাকাঙ্ক্ষিত আচরণ নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

প্রভা জানান, কোভিডের সময় তিনি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত হন এবং দেখেন, তার নামে অনেক ভুয়া অ্যাকাউন্ট চালু হয়েছে, যেখানে জুম করে তার ছবি ব্যবহার করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি অভিনয়ের জন্য ইন্ডাস্ট্রিতে এসেছি। নিজেকে খোলামেলাভাবে উপস্থাপন করতে চাই না, করতেও হবে না।”
শুটিং সেটের পরিবেশ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন প্রভা। তিনি বলেন, “অনেক সময় শুটিং সেটে ক্রু সদস্যদের বন্ধু আসে, যাদের ইউটিউব চ্যানেল থাকে। তারা দূর থেকে ভিডিও ধারণ করে তা অনলাইনে ছেড়ে দেয়, যা আমাকে ভীষণভাবে ট্রিগার করে।”

নিজের পোশাক ও পর্দায় উপস্থাপনা নিয়ে সবসময় সতর্ক থাকার কথাও জানান এই অভিনেত্রী। তিনি বলেন, “একসময় মেকআপ ম্যানকে বলতাম, মেকআপ দেখতে হবে না, বরং দেখো আমার ওড়না বা শাড়ি ঠিক আছে কিনা। এসব আমাকে খুব বিরক্ত করত।”

গ্রিন রুমের গোপনীয়তার বিষয়েও কথা বলেন প্রভা। “গ্রিন রুম আমাদের বিশ্রামের জায়গা। শট দিয়ে ফিরে আসার পর সেখানে অনেক সময় আমরা শুয়ে থাকি, পোশাক ঠিক করি। বাইরের মানুষ হঠাৎ ঢুকে ছবি তুললে সেটা খুবই বিব্রতকর হয়ে ওঠে। ক্যামেরাম্যানরা জানেন আমাদের ফ্রেম কীভাবে ধরতে হবে, কিন্তু বাইরের মানুষরা তা বোঝেন না। অনেকে খারাপ উদ্দেশ্যে না আসলেও, তারা বোঝেন না যে আমরাও বাসার মেয়ে, আমাদেরও পরিবার আছে,” বলেন তিনি।

কাজ কমিয়ে দেওয়ার কারণ সম্পর্কে প্রভা জানান, “আমি নিজেই কাজ কমিয়েছি, কারণ গতানুগতিক চরিত্রের বাইরে কিছু করতে চাই। তবে অবশ্যই আবার নিয়মিত কাজ করতে চাই, শুটিং সেট মিস করি।”
অভিনয়ই তার পরিচয়, শরীর নয়—এটাই বারবার স্পষ্ট করেছেন প্রভা। তবে শুটিং সেটে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন আর না হয়, সেই প্রত্যাশাও করেছেন তিনি।
