রাত পোহালেই চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস! বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টায় ঘোষণা করা হবে ৯৭তম অস্কারের বিজয়ীদের নাম। এবারের আসরে রয়েছে ব্যতিক্রমী মনোনয়ন, রেকর্ড গড়ার সম্ভাবনা, এবং দৃষ্টান্তমূলক কিছু ঘটনা। আসুন জেনে নিই সেগুলো সম্পর্কে।
অস্কার ২০২৫

আট মিনিটের অভিনয়, তবুও মনোনয়ন!
‘কনক্লেভ’ ছবিতে মাত্র আট মিনিটের অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে মনোনীত হয়েছেন ইতালির ইজাবেলা রসেলিনি। তবে এটি অস্কারের ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ত অভিনয়ের মনোনয়ন নয়। ‘নেটওয়ার্ক’ ছবিতে মাত্র ৫ মিনিট ২ সেকেন্ড অভিনয় করেই ব্রিট্রিস স্ট্রেইট এই বিভাগে অস্কার জিতেছিলেন। এছাড়া জুডি ডেঞ্চ ‘শেক্সপিয়র ইন লাভ’ ছবিতে ৫ মিনিট ৫২ সেকেন্ড অভিনয়ের জন্য একই স্বীকৃতি পেয়েছিলেন। অস্কার ইতিহাসে সবচেয়ে কম সময়ে মনোনয়ন পাওয়া অভিনেত্রী হলেন হারমায়োনি ব্যাডেলি, যিনি মাত্র ২ মিনিট ১৯ সেকেন্ড স্ক্রিনে ছিলেন।
সবচেয়ে দীর্ঘ অস্কারজয়ী চলচ্চিত্রের তালিকায় নতুন সংযোজন?
অস্কারের ইতিহাসে দীর্ঘতম সেরা চলচ্চিত্রের তালিকায় রয়েছে ‘গন উইথ দ্য উইন্ড’, ‘লরেন্স অব অ্যারাবিয়া’ এবং ‘বেন-হুর’। এবার সেই তালিকায় যুক্ত হতে পারে ‘দ্য ব্রুটালিস্ট’, যার সময়সীমা ৩ ঘণ্টা ৩৫ মিনিট।
মায়ের পথ ধরে দুই কন্যা
এবারের আসরে মনোনীত দুই অভিনেত্রী তাদের মায়ের পদাঙ্ক অনুসরণ করছেন। ‘আই অ্যাম স্টিল হিয়ার’ ছবির জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনীত ফার্নান্দা তোরেসের মা ফার্নান্দা মন্টেনেগ্রো ১৯৯৯ সালে একই বিভাগে মনোনীত হয়েছিলেন। একইভাবে, ‘কনক্লেভ’ তারকা ইজাবেলা রসেলিনির মা ইংরিদ বার্গম্যান তিনবার অস্কার জয় করেছেন, যার মধ্যে দু’টি এসেছে সেরা অভিনেত্রী বিভাগে।

একই ব্যক্তির চার বিভাগে সম্ভাব্য জয়!
‘আনোরা’ ছবির পরিচালক শন বেকার এবার এক অনন্য কীর্তি গড়তে পারেন। তিনি একই চলচ্চিত্রের জন্য চারটি বিভাগে (পরিচালনা, প্রযোজনা, সম্পাদনা ও চিত্রনাট্য) মনোনীত হয়েছেন। যদি তিনি সবগুলোতেই জয় পান, তবে ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে একসঙ্গে চারটি বিভাগে পুরস্কার জয়ের নজির স্থাপন করবেন। এর আগে ১৯৫৩ সালে ওয়াল্ট ডিজনি চারটি আলাদা ছবির জন্য চারটি পুরস্কার জিতেছিলেন।
৫৬ বছর পর সংগীতনির্ভর সিনেমার প্রত্যাবর্তন
দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় পর সংগীতনির্ভর দুটি সিনেমা— ‘উইকেড’ ও ‘এমিলিয়া পেরেজ’— অস্কারের সেরা চলচ্চিত্র বিভাগে মনোনীত হয়েছে। সর্বশেষ ১৯৬৯ সালে ‘ফানি গার্ল’ এবং ‘অলিভার!’ একসঙ্গে এই সম্মানে ভূষিত হয়েছিল।
চার যুগ পর বিরল ঘটনা
এবারের আসরে সেরা অভিনেত্রী বিভাগে মনোনীত পাঁচ জনের ছবিই সেরা চলচ্চিত্র বিভাগের জন্যও মনোনীত হয়েছে। এমন ঘটনা সর্বশেষ ১৯৭৭ সালে ঘটেছিল।

অস্কারের শতভাগ জয়ের রেকর্ডের পথে অ্যাড্রিয়েন ব্রডি
‘দ্য ব্রুটালিস্ট’ ছবির সুবাদে ২৩ বছর পর অস্কার মনোনয়ন পেয়েছেন অ্যাড্রিয়েন ব্রডি। তিনি যদি এবারও জেতেন, তবে অস্কারের সেরা অভিনেতা বিভাগে প্রথমবারের মতো দুইবার মনোনয়ন পেয়ে দু’বারই জয়ী হওয়া তারকা হবেন। বর্তমানে মাত্র সাত জন অভিনয়শিল্পী তাদের প্রতিটি মনোনয়ন থেকে শতভাগ জয় নিশ্চিত করেছেন।
অপেক্ষা শেষ, রেকর্ড গড়বে কারা?
৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস কি এবার নতুন ইতিহাসের জন্ম দেবে? অস্কার মঞ্চে কারা হাসবেন শেষ পর্যন্ত, তা জানা যাবে খুব শিগগিরই!
