গরম ভাত চলচ্চিত্রটি নিয়ে আমাদের আজকের আলোচনা- এই চলচ্চিত্রটি দিলীপ রায় পরিচালিত একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র। এতে অভিনয় করেছেন সম্ভ মুখোপাধ্যায়, মমতাশঙ্কর, জয়ন্ত ভট্টাচার্য, সুনীল মুখোপাধ্যায়, চিত্রা সেন প্রমুখ।

গরম ভাত চলচ্চিত্র
- প্রযোজনা—আশুতোষ রায়, দিলীপ রায়।
- কাহিনি – সুনীল গঙ্গোপাধ্যায়।
- চিত্রনাট্য ও পরিচালনা — দিলীপ রায়।
- সংগীত – দেবাশিষ দাশগুপ্ত।
- চিত্রগ্রহণ — গিরীশ পাথিয়ার।
- শিল্প নির্দেশনা—শশাঙ্ক সান্যাল।
- সম্পাদনা – কমল গঙ্গোপাধ্যায়।
গরম ভাত চলচ্চিত্রে যারা অভিনয় করেছেন —
সম্ভ মুখোপাধ্যায়, মমতাশঙ্কর, জয়ন্ত ভট্টাচার্য, সুনীল মুখোপাধ্যায়, চিত্রা সেন, রমেশ মুখোপাধ্যায়, বিপ্লব চট্টোপাধ্যায়।
গরম ভাত চলচ্চিত্রের কাহিনি—
সুরেন (সম্ভ) ছোটবেলায় চুরির অপবাদ নিয়ে গ্রাম ছাড়তে বাধ্য হয়। গ্রামের মাতব্বরদের তৈরি ভূতের উপদ্রবে তার পিতার আকস্মিক মৃত্যু হয় এবং অভাবের তাড়নায় মাও মারা যান। সুরেন তার পুরোনো দিনের তিক্ত স্মৃতির কথা ভুলতে পারে না, গ্রামে ফিরে আসে এবং গ্রামের নতুন মাতব্বর রমণীমোহন, সর্বেন্দ্র (রমেশ) এবং অন্যান্য তাঁবেদারদের স্বরূপ খুলে দেওয়ার দায়িত্ব নেয়। গ্রামের মাতব্বরদের তৈরি ভূতেদের কিনে নেওয়ার জন্য অর্থমূল্য ঘোষণা করে।
সর্বেঞ্জর পুত্রবধূ শাস্তি (মমতা) তার শ্বশুরের দ্বারা গর্ভবতী হয়ে পড়ে। বিষয়টি গোপন রাখার চেষ্টা হলেও সুরেন জানতে পারে, শাস্তির পরিচর্যায় নিযুক্ত ডাক্তারকে সুরেন সতর্ক করে দেয়, কোনো ভৌতিক কারণে শাস্তির মৃত্যু হলে ডাক্তারকে দায়ী করা হবে বলেও জানিয়ে দেয়।
অভাবের তাড়নায় নিবারণ (সুনীল) তার অসুস্থ বাবাকে মেরে ফেলে এবং বাবার ভূতকে বিক্রি করে দেওয়ার জন্য সুরেনের কাছে যায় এবং সুরেন তাকে জানায় ভূত বলে প্রকৃতই কিছু নেই তা গ্রামের মাতব্বরদের সৃষ্টি, তারা এই কল্পিত ভূতের রাজত্বের মধ্য দিয়ে গ্রামের সরল মানুষদের শোষণ করে।
একই কাহিনি অবলম্বনে বিপ্লব রায়চৌধুরী পরিচালিত হিন্দী ছবি ‘শোধ’ চলচ্চিত্র সমালোচকদের প্রশংসা পেয়েছিল এবং ছবিটি সর্বভারতীয় খ্যাতির পাশাপাশি বছরের সেরা ছবি হিসাবে ১৯৭৯তে রাষ্ট্রপতির স্বর্ণকমল লাভ করে।
