৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা পার্শ্ব-অভিনেত্রীর পুরস্কার জিতে ইতিহাস গড়লেন জোয়ি সালদানা। তিনি প্রথম ডোমিনিকান-আমেরিকান অভিনেত্রী হিসেবে অস্কার জয়ের গৌরব অর্জন করলেন।
এর আগে, ১৯৬১ সালে “ওয়েস্ট সাইড স্টোরি”র জন্য রিতা মোরেনো এবং ২০২১ সালে এর রিমেক সংস্করণের জন্য আরিয়ানা ডিবোস একই বিভাগে পুরস্কার পান। সালদানা হলেন এই ক্যাটাগরিতে জয়ী তৃতীয় ল্যাটিন অভিনেত্রী।

পুরস্কার গ্রহণের পর আবেগে আপ্লুত হয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং তার মাকে খুঁজতে থাকেন। কেঁদে কেঁদে বলেন, “আমার মা এখানে। আমার পুরো পরিবার এখানে। এই সম্মানে আমি অভিভূত।”
অভিনন্দন জানিয়ে একাডেমিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “রিতার মতো একজন নারীর নীরব বীরত্ব ও শক্তিকে স্বীকৃতি দেওয়ার জন্য এবং দৃঢ়চেতা নারীদের কথা বলার জন্য একাডেমিকে ধন্যবাদ।”

তিনি সহ-মনোনীতদের উদ্দেশে বলেন, “আপনারা আমাকে যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তা সত্যিকারের উপহার। আমি ভবিষ্যতেও ভালো কাজ উপহার দেওয়ার চেষ্টা করব।”
সালদানা পরিচালক জ্যাক অঁডিয়ারকে ধন্যবাদ জানান এবং “এমিলিয়া পেরেজ” সিনেমার পুরো টিম, নেটফ্লিক্স, সেন্ট লরেন্ট প্রোডাকশনস ও নিজের দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরিবারের প্রতি ভালোবাসা জানিয়ে তিনি বলেন, “আমি জীবনে সাহসী সিদ্ধান্ত নিতে পেরেছি এবং ভালো কাজ করতে পেরেছি শুধুমাত্র তোমাদের কারণেই।”
অভিনেত্রী মনে করেন, এই জয় শুধু তার নয়, বরং ভবিষ্যতে আরও অনেক ডোমিনিকান বংশোদ্ভূত অভিনেত্রী অস্কার জিতবেন। নিজের দাদিকে উৎসর্গ করে তিনি বলেন, “আমার দাদী ১৯৬১ সালে এই দেশে এসেছিলেন। আমি একজন গর্বিত অভিবাসী সন্তানের প্রতিনিধি। আমি জানি, আমিই শেষ নই, আরও অনেকেই এই জায়গায় উঠে আসবেন। এই পুরস্কার আমার দাদির জন্য।”

উল্লেখ্য, জ্যাক অঁডিয়ার পরিচালিত “এমিলিয়া পেরেজ” সিনেমায় অভিনয়ের জন্য সালদানা এ বছর সেরা পার্শ্ব-অভিনেত্রীর পুরস্কার জিতেছেন।
