“যে কারণে ‘দাগি’ নিয়ে চিন্তিত নন প্রযোজক”

ঢাকা, ১ মার্চ ২০২৫: দেশের বিভিন্ন অঞ্চল ঘুরে শেষ হয়েছে বহুল আলোচিত চলচ্চিত্র ‘দাগি’-এর শুটিং। গত ২৫ ফেব্রুয়ারি সৈয়দপুর, রাজশাহী, গাজীপুর ও ঢাকায় দৃশ্যায়ন শেষ করে ক্যামেরা ক্লোজ করেন নির্মাতারা। আসন্ন ঈদে মুক্তি পেতে যাওয়া এই ছবিটি পরিচালনা করেছেন শিহাব শাহীন, যেখানে অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা

শিগগিরই ‘দাগি’-এর ফার্স্ট লুক পোস্টার কিংবা টিজার প্রকাশ পাবে। তার আগেই ছবিটির প্রযোজক এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিল জানিয়েছেন, এই ছবির জন্য পরিচালকের চাহিদা অনুযায়ী সর্বোচ্চ বিনিয়োগ করা হয়েছে।

শাহরিয়ার শাকিল
এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিল

তিনি বলেন, “আমি মনে করি, ‘দাগি’ শিহাব শাহীনের সেরা নির্মাণ হতে যাচ্ছে। ছবির পুরো টিম তাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়েছে, যা বড় পর্দায় দর্শকদের মুগ্ধ করবে। ঈদে আরও বেশ কিছু সিনেমা মুক্তি পাচ্ছে, সবার জন্য আমার শুভকামনা।”

এবারের ঈদে ‘দাগি’ ছাড়াও মুক্তি পাবে ‘বরবাদ’‘জংলি’। ইতোমধ্যে শাকিব খান অভিনীত ‘বরবাদ’-এর প্রকাশিত টিজার দর্শকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। দেশ-বিদেশের সমালোচকরা প্রশংসা করছেন ছবিটি নিয়ে।

তবে প্রতিযোগিতা নিয়ে কোনো দুশ্চিন্তা নেই ‘দাগি’-এর প্রযোজকের। শাহরিয়ার শাকিল বলেন, “আমি একদমই চিন্তিত নই, কারণ বাংলাদেশের দর্শক গল্পনির্ভর সিনেমা দেখতে পছন্দ করেন। ‘দাগি’ অসাধারণ এক গল্পের সুনির্মাণ, আর শিহাব শাহীন ও আফরান নিশোর মতো পরীক্ষিত পরিচালক ও অভিনেতা যখন ছবিটি করছেন, তখন প্রযোজক হিসেবে আমার চিন্তিত হওয়ার কিছু নেই।”

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর মাসে শুরু হয় ‘দাগি’-এর শুটিং। তখন আফরান নিশো বলেছিলেন, “আমি সব সময় গতানুগতিক ধারার বাইরে গিয়ে সিনেমা করতে চাই, যেখানে গল্পটাও একটা চরিত্র হবে। সেই দিক থেকে ‘দাগি’-এর গল্প আমাকে মুগ্ধ করেছে। দর্শকদের জন্য এটি উপভোগ্য হবে।”

‘দাগি’ আফরান নিশোর দ্বিতীয় চলচ্চিত্র। তার প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ পরিচালনা করেছিলেন রায়হান রাফি, যেখানে তার বিপরীতে ছিলেন তমা মির্জা। সেই হিসেবে নিশো-তমা জুটির দ্বিতীয় সিনেমা ‘দাগি’ নিয়ে দর্শকদের কৌতূহল তুঙ্গে।